খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কোর্স ফাইল প্রিপারেশন’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘কোর্স ফাইল প্রিপারেশন’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল ১৬ জুলাই (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, আধুনিক উচ্চশিক্ষায় কেবল পাঠদানই নয়, বরং প্রতিটি শিক্ষণ-শেখানো ধাপের সুশৃঙ্খল দলিলায়ন এখন সময়ের দাবি। কোর্স ফাইল একটি একাডেমিক আয়না- যার মাধ্যমে শিক্ষকের পরিকল্পনা, পাঠদানের রূপরেখা, মূল্যায়ন পদ্ধতি এবং উন্নয়ন প্রয়াস সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এটি শিক্ষার্থীদের শিখন-অভিজ্ঞতা সুসংহত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন ইন্টেন্ট টু অ্যাপ্লাই করেছে। আগামী জানুয়ারি মাসে ওই ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশনের জন্য চূড়ান্ত আবেদন করা হবে। এর মধ্যে অন্য ডিসিপ্লিনগুলোকেও প্রস্তুতি নিতে হবে। যাতে ধারাবাহিকভাবে সব ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। প্রথম দিনের বিভিন্ন সেশনে আলোচক ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস. এম. তৌহিদুর রহমান। তারা কোর্স ফাইল প্রস্তুতির ধাপে ধাপে আলোচনা করেন, যার মধ্যে ছিল: কোর্স আউটলাইন ও লেকচার মেটেরিয়ালস প্রস্তুতি, অ্যাসাইনমেন্ট ও কুইজ নকশা এবং দলিলীকরণ, কন্টিনিউয়াস টেস্ট (সিটি), টার্ম পরীক্ষার প্রশ্ন ও উত্তর সংরক্ষণ, মূল্যায়নের রুব্রিক্স, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মূল্যায়ন পদ্ধতি, কোর্স লার্নিং আউটকাম (সিএলও) অর্জনের পর্যালোচনা এবং ইমপ্রুভমেন্ট প্ল্যান প্রণয়ন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।